দেশে ফের ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

দেশে ফের ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘সম্প্রীতির জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিরোধী মত দমনে সরকারের মধ্যে পুরোনো ধারা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা। সরকার এসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানকে অসাম্প্রদায়িক আন্দোলন হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই এই আন্দোলন সফল হয়েছে। তাই দল-মত-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতন ও সহিংসতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, জুলাই আন্দোলনে বৌদ্ধ সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। তবে এখনো দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের ওপর হামলার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে।

বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, বিভিন্ন পক্ষ এখনো জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। অথচ ভিন্ন ধর্মাবলম্বী শহীদদের আত্মত্যাগই প্রমাণ করে, এটি ছিল একটি অসাম্প্রদায়িক আন্দোলন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও ভূমি দখলের বহু ঘটনার বিচার হয়নি। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল ও জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত