এজেন্ট ফি ইস্যুতে ভেস্তে গেল কোলম্যান-বাফুফে চুক্তি, ২৪ মে আসছেন নতুন কোচ

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পদে ওয়েলসের সাবেক তারকা কোচ ক্রিস কোলম্যানের আসার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে। সব ধরনের আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার পরও শেষ মুহূর্তে ‘এজেন্ট ফি’ নিয়ে তৈরি হওয়া দ্বিমতের কারণে কোলম্যানের সঙ্গে চুক্তি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নতুন কোচের সন্ধানে বাফুফে আর সময় নষ্ট করছে না; আজ অথবা আগামীকালের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

আজ সন্ধ্যায় বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বাফুফের প্রথম পছন্দ ছিলেন ইউরো ২০১৬-তে ওয়েলসকে সেমিফাইনালে তোলা ক্রিস কোলম্যান। তার উচ্চ পারিশ্রমিকের বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় সমাধানের পথেই ছিল। কিন্তু চুক্তির চূড়ান্ত পর্যায়ে বাগড়া দেয় কোলম্যানের মধ্যস্থতাকারী এজেন্ট। কোচের পারিশ্রমিকের পাশাপাশি বাফুফের কাছে বড় অঙ্কের এজেন্ট ফি দাবি করে বসে তারা।

এই বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের অনমনীয় ও নীতিগত অবস্থানের কথা জানিয়ে বলেন, "আমরা যখন চূড়ান্ত চুক্তির দিকে এগোচ্ছিলাম, তখন একটি জায়গায় আমাদের দ্বিমত তৈরি হয়। মাঝখানের এজেন্ট বাফুফের কাছ থেকে তাদের ফি দাবি করে বসে। এখানে অর্থের চেয়ে বড় বিষয় হলো আমাদের নীতি। বাফুফে অতীতে কখনোই অন্য কারও এজেন্ট ফি দেয়নি। আমাদের বাজেট থাকার পরও নীতির প্রশ্নে আমরা আপস করিনি। তারা এই শর্তে চুক্তি করতে রাজি না হওয়ায় আমরা আলোচনা সেখানেই স্থগিত করেছি।"

কোলম্যানের অধ্যায় শেষ হওয়ায় বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুই হাইপ্রোফাইল কোচের দিকে মনোযোগ দিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় থাকা বাকি দুই নাম হলো—জার্মানির বার্নড স্টর্ক এবং টমাস ডুলি। তবে নতুন করে কার সঙ্গে আলোচনা কতদূর এগিয়েছে বা তিনি কোন মহাদেশের, সে ব্যাপারে কৌশলগত কারণে মুখ খোলেননি বাফুফে প্রধান। শুধু জানিয়েছেন, নতুন কোচের পেছনে আগের মতো বিশাল অঙ্কের খরচ হবে না, তবে ক্রীড়া মন্ত্রণালয়ের কিছুটা সহযোগিতা লাগবে। দুই বছরের চুক্তিতে আসা এই কোচের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের খেলার মান উন্নত করা।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরী ফিলিপসদের। সেই ম্যাচকে সামনে রেখে আগামী ২৪ মে থেকেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। তাবিথ আউয়াল আশ্বস্ত করেছেন, প্রথম দিন থেকেই নতুন কোচ দলের দায়িত্ব নেবেন। "আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে, নতুন বিদেশি কোচের অধীনেই বাংলাদেশ দল সান মারিনোতে খেলবে। আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে প্রথম দিন থেকেই নতুন স্থায়ী কোচ উপস্থিত থাকবেন।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত