ভোলা সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী ছেলে মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন এবং ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী মেয়ে তাসফিয়া।
স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
