প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য আলাদা পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে। সেই আইনে র্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যাবলী স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। এছাড়া সংস্থাটির নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এতদিন র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করছিল। এখন একটি পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যার মধ্যে র্যাবের সব কিছু অনেক বেশি সুসংহত ও সুস্পষ্ট থাকবে।
তিনি উল্লেখ করেন, বিএনপি র্যাব বিলুপ্তির দাবি করেছিল। সেই অর্থে আগের ধারায় র্যাব আর থাকছে না এবং সম্ভবত এর নামও পরিবর্তন হচ্ছে। তবে তিনি বলেন, সম্ভবত বলছি, কারণ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটি অপশনের কথা জানিয়েছেন এবং আইন প্রণয়নে কাজ করছেন।
তথ্য উপদেষ্টা একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, র্যাবের সমালোচনা সরিয়ে রাখলে দেখা যাবে, তারা অত্যন্ত সক্ষমতার সঙ্গে নানা ধরনের সন্ত্রাস মোকাবিলা করেছে। র্যাব যে অপরাধ মোকাবিলা করতে পেরেছে, আমাদের প্রচলিত পুলিশ বাহিনী তা পারেনি।
তিনি আরও বলেন, র্যাবের অনেক ভালো যন্ত্রপাতি ও প্রশিক্ষণ আছে। সব মিলিয়ে, যে নামেই হোক না কেন, র্যাবের আগের নেতিবাচক চিত্র আর থাকবে না।
উল্লেখ্য, র্যাবের কার্যক্রম ও ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশীয় ও আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা রয়েছে। নতুন আইন ও নাম পরিবর্তনের মাধ্যমে সংস্থাটিকে পুনর্বিন্যাস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
