রামিসার খুনিদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:২৪ পিএম

স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি নিজেই অপরাধ স্বীকার করেছে। এরপরও রায় ঘোষণায় বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, বিচারের নামে দীর্ঘসূত্রতা নয়, রামিসার পরিবারের মতো দেশবাসী দ্রুত আইনের বাস্তবায়ন দেখতে চায়।

এসময় বক্তারা ঠাকুরগাঁওয়ের শিশু লামিয়া, সিলেটের ফাহিমা এবং মুন্সীগঞ্জের শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যার শিকার শিশুদের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা এসব মামলার বিচারকার্য ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

মানববন্ধনে সঞ্চালনা করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক।

এসময় বক্তব্য দেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুমন এস, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর নাট্যথিয়েটারের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হিরা, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত