মোহাম্মদ সেলিম উদ্দিন

কোরবানির শিক্ষা কাজে লাগিয়ে মানবিক সমাজ গঠনের আহ্বান 

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৩০ পিএম

কোরবানি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। 

তিনি বলেন, মানবিক সমাজ গড়ে তুলতে ঢাকা উত্তর সিটির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে। 

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার একটি হলরুমে সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে সিটি আমীর এসব কথা বলেন। 

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কাফরুল অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ ও অধ্যাপক আনোয়ারুল করিম প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, প্রতিবেশীদের হক আদায়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে কোরবানির পশুর গোশত ও ফুড প্যাকেজ পৌঁছে দিতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, দ্বীনের বিজয়ের জন্য কোরবানির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

এছাড়াও তিনি ‘লাইফ সাইকেল বিডি’-এর সদস্য হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এর মাধ্যমে নগরবাসী বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত