‘আমলাতান্ত্রিক জটিলতায়’ পেট্রোলপাম্পের সামনে ফের জমেছে গাড়ির লাইন। গত শুক্রবার এবং গতকাল শনিবার রাজধানীর পেট্রোলপাম্পগুলোর সামনে জ্বালানি তেল নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে, সরকার এই জটিলতা না কাটালে ঈদের পর ভোগান্তি আরও বাড়তে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল নিয়ে হুলুস্থুল অবস্থার কারণে সরকার কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এর অংশ হিসেবে এখন ডিপো থেকে পাম্পগুলোকে জানানো হয় তাদের তেলের বরাদ্দ কত। এরপর একজন পেট্রোলপাম্প মালিক তেল কেনার জন্য পে অর্ডার করেন। পেট্রোলপাম্প মালিকরা অভিযোগ করেছেন, ডিপো থেকে তাদের বরাদ্দের পরিমাণ জানাতে দেরি করাতে এই জটিলতা সৃষ্টি হয়েছে। এতে করে শনিবার সকালেই অনেক পেট্রোলপাম্পের তেল শেষ হয়ে যায়। ঈদের ছুটির জন্য সরকার শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় ডিপো থেকে একসঙ্গে শুক্র এবং শনিবারের বরাদ্দ দেওয়া হয়নি।
শুক্রবার রাজধানীর হাজিপাড়া পেট্রোলপাম্পে বিকেল ৪টার দিকে গাড়ির লম্বা লাইন দেখা যায়। এ সময় একজন চালক ইরান যুদ্ধের তুলনায় এখনকার পরিস্থিতিকে খুব একটা ক্লান্তিকর নয় বলে জানান। শনিবারও রাজধানীর পরীবাগ, মালিবাগ, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন পাম্পে তেল নেওয়ার জন্য লম্বা লাইন দেখা গেছে।
ঈদুল আজহায় টানা সাত দিনের সরকারি ছুটি রয়েছে। এই সময়ে শুধু ডিপোর পাশে থাকা পূবালী ব্যাংকের শাখা পে অর্ডার করার জন্য খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন ধরা যাক, রাজধানী ঢাকার কোন পেট্রোলপাম্পের মালিকের পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রে পূবালী ব্যাংকে পে-অর্ডার করতে হলে তাকে নগদ টাকা বহন করে পূবালী ব্যাংকে নিয়ে যেতে হবে। তাও আবার ডিপোর পাশের শাখায়। এখন ঢাকা এবং আশপাশের জেলাগুলোর পাম্প মালিকদের নগদ টাকা বহন করে নিয়ে পে-অর্ডার করতে হবে। ঈদের সময় পর্যাপ্ত নিরাপত্তার অভাবে পাম্পমালিকরা তেল কিনতে আগ্রহ না দেখালে সংকট দেখা দিতে পারে। এ বছর ঈদুল ফিতরে দেশের পেট্রোলপাম্পগুলোতে জ¦ালানিশূন্যতা তৈরি হয়েছিল।
পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, শনিবার ব্যাংক খোলা রাখার কারণে বৃহস্পতিবারই তেলের বরাদ্দ দেয়নি ডিপো থেকে। শনিবার ডিপো থেকে তেলের বরাদ্দ দেওয়ার পর পে-অর্ডার করতে ১১টা বেজে গেছে। এরপর তেলের গাড়ি ডিপো থেকে রওনা দিতে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, ‘আমার পাম্পেও তেল শেষ হয়ে যাওয়ায় আধাঘণ্টা তেল দিতে পারিনি। এ রকম অন্য পাম্পেও হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
