মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল গ্রুপ ফিডিং এর (ভিজিএফ) ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই দুই ইউপি মেম্বারকে রবিবার (২৪ মে) কোর্ট হাজতে পাঠানো করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ-উল-আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই বরাদ্দ থেকে ৫০ কেজি করে ৫০ বস্তা, মোট ২.৫ মেট্রিক টন চাল আত্মসাতের উদ্দেশে গোপনে সরিয়ে রাখে দুই ইউপি সদস্য। বিষয়টি স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় প্রশাসন।
অভিযোগে বলা হয়, ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর যোগসাজশে চালগুলো সেখানে মজুত করেন।
বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা দুই দিন পর চালগুলো নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হওয়া উচিত।
এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, দায়ের কৃত মামলায় আসামিরা গ্রেফতার আছে এবং কোর্টে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
