এক যুগের বেশি সময় পর ব্যবসায়ীদের সরাসরি ভোটে চট্টগ্রাম চেম্বারের ২৪ সদস্যদের পরিচালনা পর্ষদ নির্বাচিত হওয়ার পর সবার দৃষ্টি নতুন প্রেসিডিয়ামের দিকে। কারা আসছেন চেম্বারের শীর্ষ তিন পদে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা।
চেম্বার সূত্র জানিয়েছে, প্রেসিডিয়াম নির্বাচনের জন্য আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নবনির্বাচিত পরিচালকদের সভা আহ্বান করা হয়েছে। এতে চেম্বারের নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।
বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা অনুযায়ী চেম্বার নির্বাচনের পর নতুন নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন করতে হয়। চেম্বারের পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডিয়াম নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম রয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ পূর্ণ প্যানেলে জয়লাভ করলেও নতুন প্রেসিডিয়ামে কারা আসছেন, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। রবিবার (গতকাল) রাতের মধ্যেই ফোরামের নীতি নির্ধারকরা বসে নতুন নেতৃত্ব চূড়ান্ত করার কথা রয়েছে।
অতীতের বিভিন্ন পর্ষদের প্রেসিডিয়ামে দেখা গেছে অর্ডিনারি গ্রুপ, অ্যাসোসিয়েট গ্রুপ ও ট্রেড গ্রুপ এই তিন ক্যাটাগরি থেকেই তিনজনকে শীর্ষ তিন পদে বসানো হয়। এবারের নির্বাচনে বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক নির্বাচিত হয়ে এসেছেন ট্রেড গ্রুপ থেকে। এফবিসিসিআই, চট্টগ্রাম চেম্বার, সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা ও সফল শিল্পোদ্যোক্তা হিসেবে খ্যাতি রয়েছে তার। চেম্বারের নতুন সভাপতি হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বলে একাধিক পরিচালক এ প্রতিবেদককে জানিয়েছেন। চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ গঠনের মূল কারিগর হিসেবে পরিচিত চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীও প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হকের নতুন সভাপতি হওয়ার ব্যাপারে আভাস দিয়েছেন।
চেম্বার নির্বাচনের প্রাথমিক পর্যায়ে রাইজিং গ্রুপের আমজাদ হোসাইন চৌধুরী একক প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ব্যাপক আলোচনায় ছিল। পরে সমঝোতার মাধ্যমে মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরামে যুক্ত হয়ে অর্ডিনারী গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। আগেও তিনি চেম্বার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । নতুন পরিচালনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এ ছাড়া একই ক্যাটাগরি থেকে নির্বাচিত কামাল মোস্তফা চৌধুরী ও নাসির উদ্দিন চৌধুরীর নামও রয়েছে আলোচনায়। অতীতের রীতি অনুযায়ী সহ-সভাপতি পদে ট্রেড গ্রুপ থেকে নির্বাচিতদের মধ্যে কাউকে মনোনীত করার সম্ভাবনা রয়েছে। এই ক্যাটাগরি থেকে নবনির্বাচিত পরিচালক জাহিদুল হাসানের নাম আলোচনায় রয়েছে।
জানতে চাইলে ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার ও ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক দেশ রূপান্তরকে বলেন, সোমবার (আজ) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে প্রেসিডিয়াম নির্বাচনের জন্য নবনির্বাচিত পরিচালকরা বসবেন। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, আমরা সবাই ১২০ বছরের পুরনো এই চেম্বারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারব।
