ঈদুল আজহা সামনে রেখে দেশের মহাসড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘœ যাত্রা নিশ্চিতে পরিবহন শ্রমিকদের সড়ক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন শ্রমিকরা যদি দায়িত্বশীল আচরণ করেন এবং হাইওয়ে পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করে, তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। গতকাল রবিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত গণসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ঈদ কেন্দ্র করে প্রতিবছর দেশের বিভিন্ন মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এ সময় চালকদের অসচেতনতা, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। এসব বিষয়ে পরিবহন শ্রমিকদের আরও সচেতন হতে হবে। তিনি বলেন, ঈদের আগে বা পরে কোনো সময়েই মহাসড়কের পাশে বাজার, পশুর হাট কিংবা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব কারণে যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এরই মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মজিবুর রহমান এবং গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া। এ সময় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ প্রশাসন, বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
