বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ

একই পরিবারের চারজনসহ নিহত পাঁচ

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:০২ এএম

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুরের বালিয়া গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার স্ত্রী মাজেদা আক্তার (৪৮), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্সের চালক মাদারীপুর সদরের সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে কাওছার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্স রোগীসহ স্বজনরা ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাস শংকরপাশা এলাকা অতিক্রমকালে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, রোগী ও তার তিন স্বজন নিহত হন। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত