মানিকগঞ্জে গার্মেন্ট শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১১

আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:৪২ পিএম

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সোয়া ১টার দিকে ঘিওর উপজেলার পুখুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস আরিচার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া ব্রিজের কাছে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। 

আহতদের মধ্যে ২ জন ঘিওর উপজেলার বাসিন্দা এবং বাকিরা শিবালয় উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত