এক বছর পর মাঠে ফিরেই গোল লুকাকুর

আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:৩৬ এএম

ফিফা বিশ্বকাপের জোরদার প্রস্তুতি সারছে দলগুলো। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। মাঠের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে তাদেরই মাটিতে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। এই জয়ের ফলে টানা ১২ ম্যাচে (৮ জয়, ৪ ড্র) অপরাজিত থেকে দারুণ ছন্দে বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে রুডি গার্সিয়ার শিষ্যরা।

ম্যাচের শুরুতে রোমেলু লুকাকুর ম্যাচ ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকায় জেরেমি ডকু খেলেন সেন্ট্রাল পজিশনে। প্রথমার্ধের শুরুর দিকেই বেলজিয়ামের হয়ে প্রথম আক্রমণটি চালান ডকু, তবে ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে তা তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়াও। লুকা মদরিচের চমৎকার পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর শট নেন এফসি ডালাসের ফরোয়ার্ড পিটার মুসা। তবে সাইড নেটে বল লাগায় সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

ম্যাচের ডেডলক ভাঙে কেভিন ডি ব্রুইনের একটি বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে। তার দ্রুত নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে উইংয়ে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারকে পরাস্ত করেন ডকু। এরপর বক্সে তাঁর বাড়ানো ক্রস ক্রোয়েশিয়ান ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান ইউরি তিলেমান্স। চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই মিডফিল্ডার। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে মদরিচের একটি জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দিয়ে বেলজিয়ামের লিড ধরে রাখেন রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ ও গোলরক্ষক থিবো কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ম্যাচের বয়স যখন এক ঘণ্টা, তখন দুই দলেই একসাথে একঝাঁক খেলোয়াড় পরিবর্তন করা হয়। ক্রোয়েশিয়া একসঙ্গে পাঁচজন খেলোয়াড় মাঠে নামায়। বদলি হিসেবে নামা আন্তে বুদুমিরের একটি হেড ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি ক্রোয়েশিয়ার। এর কিছুক্ষণ পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বেলজিয়ামও। কিন্তু বদলি খেলোয়াড় হান্স ভানাকেনের হেডও সাইডবারে লেগে প্রতিহত হয়।

ম্যাচ যখন শেষের দিকে, তখনই জাতীয় দলের জার্সিতে এক বছর পর মাঠে নেমে নিজের জাত চেনান রোমেলু লুকাকু। ক্লাবের হয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও বিশ্বকাপের মূল একাদশে নিজের দাবিটা জোরালো করলেন এই তারকা স্ট্রাইকার। কাউন্টার অ্যাটাক থেকে চমৎকার এক গোল করে তিনি বেলজিয়ামের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।

এই হারের মাধ্যমে বিগত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো টানা দুটি প্রীতি ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ পেল জ্লাতকো দালিচের দল। এর আগে তারা টানা নয় ম্যাচে অপরাজিত ছিল।

বিশ্বকাপ মিশন শুরুর আগে বেলজিয়াম নিজেদের মাঠে শেষ প্রীতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে। এরপর মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে, ক্রোয়েশিয়া তাদের শেষ প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়াকে আতিথ্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের মাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বিগ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত