ভাইরাল সেই শিক্ষিকা পলি পেলেন সচিবালয়ে আমন্ত্রণ

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

ফেনীর মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দেওয়া সেই শিক্ষিকা খালেদা আক্তার খানম পলি বুধবার (৩ জুন) সচিবালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রীর আমন্ত্রণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফেনী সদরের কাজীর বাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা এ সময় প্রতিমন্ত্রীর কাছে তার ছাত্রজীবনে ক্রীড়ার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি ফেনীর সার্বিক ক্রীড়া উন্নয়নে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী তাকে উৎসাহ দিয়ে স্থানীয় ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ফেনী পিটিআই মাঠে অনুষ্ঠিত এক স্কুল ফুটবল প্রতিযোগিতায় নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ ও নির্দেশনা দিতে মাঠের পাশে দাঁড়িয়ে ছিলেন খালেদা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি খালেদার জন্য শুভেচ্ছা উপহার পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ মে রাতে ফেনী জেলা প্রশাসক মনিরা হক খালেদার বাড়িতে গিয়ে সেই উপহার পৌঁছে দেন। এরই ধারাবাহিকতায় আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই শিক্ষিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত