বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সফরকালে হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৬ জুন সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক। হাকান ফিদানের এই সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ওই সফরে দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ও সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরটিকে সেই বৈঠকের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।
সর্বশেষ ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বাংলাদেশ সফর করেছিলেন।
