অভিমান করে চাকরির ইস্তফার আবেদন সিআইডি প্রধানের

আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি না পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান পিআরএলের (অবসর-পূর্ব ছুটি) আবেদন করেছেন। তিনি ১৫তম বিসিএস ক‍্যাডার কর্মকর্তা। তার ব‍্যাচমেটদের মধ্যে বর্তমান আইজিপিসহ অন্যরা ভালো স্থানে পদায়নের পাশাপাশি পদোন্নতিও পেয়েছেন। গত ১৭ বছর ধরে তিনি ছিলেন অবহেলিত।

গতকাল বৃহস্পতিবার পুলিশের পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আলি আকবর খানের নাম না থাকায় তার ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এ অবস্থায় তিনি পিআরএলের আবেদন করেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

গত ১ জুন আলি আকবরকে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান করে আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর।

একাধিক সূত্রের দাবি, ডিআইজি আলি আকবর খানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান করার প্রস্তাব প্রশাসনিক পর্যায় থেকে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তার পদোন্নতি হয়নি। একই সঙ্গে আলি আকবর খানের পিআরএল আবেদন গ্রহণ করা হয়েছে কিনা এবং তিনি আদৌ দায়িত্ব ছাড়ছেন কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।

এই বিষয়ে আলী আকবর খানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। 
তবে পুলিশ সদর দপ্তরের উধ্বর্তন এক কর্মকর্তা বলেন, তার পদোন্নতি আগেই হওয়ার দরকার ছিলো। তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন।  একদিন আগে যে ৫ জনকে  অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে তার মধ্য ২ জন ১৭তম ব‍্যাচের কর্মকর্তা রয়েছেন। এখনো আগের মতই তদবির করে পদোন্নতি ও ভালোস্থানে পদায়ন হচ্ছেন। আগের মতই সবকিছু হচ্ছে। আলী আকবর খান চাকরি থেকে ইস্তফা দেওয়া সঠিক বলে মনে হচ্ছে। এই থেকে যদি সরকারের হাইকমান্ড সার্বিক বিষয় উপলব্ধি করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত