চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়িতে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সব নিদর্শন সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
গতকাল শুক্রবার জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রামে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি সংরক্ষণে যা যা প্রয়োজন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা ও বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণেও সরকার কাজ করছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঐতিহাসিক এসব স্থাপনা আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও ইতিহাস জানার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু অংশ দ্রুত মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
