তামিম কি নির্বাচিত হয়ে বিসিবিতে আসছেন!

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:৩৮ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে চূড়ান্ত ফল। ফল প্রকাশের পর নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথা থাকলেও আজই ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হচ্ছে না বলে জানা গেছে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত অনেকটাই ‘আনুষ্ঠানিকতার’ রূপ নিতে যাচ্ছে এ নির্বাচন। বোর্ডের ২৩টি পরিচালক পদের মধ্যে ইতিমধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ ভোট হচ্ছে মাত্র ১৫টি পদে। বড় কোনো ব্যানার-ফেস্টুন বা প্রচারের আমেজ না থাকায় সংশ্লিষ্ট অনেকেই একে আরেকটি ‘সাদামাটা’ নির্বাচন হিসেবে দেখছেন। অবশ্য ভোটারদের একাংশের দাবি ফল প্রকাশের সময় এক-দুই জায়গায় হিসাব বদলে যাওয়ার মতো চমক এলেও আসতে পারে।

ভোটের আগেই নির্বাচিত ৮ জন

ব্যালটযুদ্ধে নামার আগেই চূড়ান্ত স্বস্তি পেয়ে গেছেন আট পরিচালক। এর মধ্যে ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নিলেও গতকালই বিসিবি কার্যালয়ের মিডিয়া বিভাগে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে গেছেন তিনি। একই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা বিভাগের এসএম আবদুল্লাহ আল ফুয়াদসহ আরও ছয় পরিচালক ভোটের আগেই নিজেদের পদ নিশ্চিত করেছেন।

মূল আকর্ষণ ঢাকার ক্লাবপাড়া

বরাবরের মতোই এবারের নির্বাচনের মূল আলো কেড়ে নিচ্ছে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২)। এখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়াই করছেন ১৬ প্রার্থী। এ ক্যাটাগরিতেই ব্যালটযুদ্ধে নেমেছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ দেশের আলোচিত ক্রিকেট সংগঠকরা। পর্দার আড়ালে ৮-১০ জনের প্যানেল নিশ্চিতের গুঞ্জন ও সমঝোতার চেষ্টা থাকলেও ভোটাররা চমকের আশা ছাড়ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার গতকাল বলেন, ‘আমাদের কাছে নির্দিষ্ট কিছু প্রার্থীকে ভোট দেওয়ার বার্তা থাকলেও ব্যালটবাক্সে কাকে জেতাব তা আমরাই নির্ধারণ করব। ফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কিছুটা চমক দেখতেও পারেন।’

বরিশালে হাড্ডাহাড্ডি লড়াই, খুলনা-বরিশালেই শুধু ভোট

জেলা ও বিভাগীয় ক্যাটাগরির (ক্যাটাগরি-১) ৭১ ভোটারের মধ্যে ঢাকার পাঁচ বিভাগ থেকে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ মাত্র ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এই ১৮ জনের ভোটে খুলনা থেকে দুজন এবং বরিশাল থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে বরিশাল বিভাগে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান (যিনি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আস্থাভাজন হিসেবে পরিচিত) এবং অন্য প্রার্থী মুনতাসির আলমের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি টক্কর হবে।

অনলাইনে ৪১ ভোট

বিসিবির ১৯২ ভোটারের মধ্যে এবার ১৮৪ জন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে বড় একটি অংশ সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ই-ভোটিংয়ে অংশ নিচ্ছেন। মোট ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালটপত্র নিয়েছেন, যার মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত