মেট্রোরেলে চলাচলকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের যাতায়াত সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে এখন থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত রাতে উভয় প্রান্তে আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা এখন রাত সাড়ে ৯টায় ছেড়ে আসে।
ডিএমটিসিএল সূত্র জানায়, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেওয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপাতত ২০ মিনিট করে সময় বাড়িয়ে যাত্রী চাহিদা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরে সময় আরও বাড়ানো হতে পারে।
