ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দিতে চায় আদ্-দ্বীন

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:০২ এএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, তাদের সন্তানদের শিক্ষাসহায়তা, চাকরির সুযোগ এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। গত বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রতিবেদনে হাসপাতালের অবহেলা, কাঠামোগত ত্রুটিসহ নানা বিষয় উঠে এসেছে। মন্ত্রী বলেন, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় আদ্-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সরকার।

গতকাল অনুষ্ঠানে অ্যাডভোকেট শিশির মনির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বাবা, মা, ভাই, বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতালে ও এর আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন। এ ছাড়া পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। তবে আদ্-দ্বীন পরিচালিত মেডিকেল কলেজ বা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ বৃত্তি, উল্লেখযোগ্য টিউশন ফি মওকুফ অথবা আর্থিক সহায়তার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ও আগ্রহী সদস্যদের যোগ্যতা সাপেক্ষে  হাসপাতালে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলোর জন্য উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে।

সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর যে নোটিস দেওয়া হয়েছে, তার জবাব রবিবার (আজ) বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রদান করা হবে। কিন্তু জবাবের বিষয় সন্তোষজনক না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না, তা জানতে চাওয়া হয় নোটিসে, যা সম্পূর্ণ বেআইনি।

এ আইনজীবী বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল। ভুক্তভোগী পরিবার ও আদ্-দ্বীন হাসপাতাল একসঙ্গে মনে করে, এ ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়। এ বিষয়ে সবাই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করেন। এ ছাড়া তারা মনে করে, ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ সময় মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই যে, প্রকৃত দোষীর শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। আমার এর আগেও দুই সন্তানের জন্ম হয়েছে এ হাসপাতালে। তারা সুস্থ অবস্থায়ই ছিল।’

সাংবাদিকদের সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনায় দুই কর্মীকে অব্যাহতি : নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ ঊধ্বর্তন কর্মকর্তাদের হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে  হাসপাতালের কর্মচারীদের অনাকাক্সিক্ষত ঘটনায় দুই কর্মীকে গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত