বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার এবং কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতির কারণে বর্তমান সরকারকে বড় ধরনের আর্থিক চাপ সামাল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার বিদ্যুৎ এবং জ্বালানির দামবৃদ্ধির পর সরকারের তরফে জরুরি সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলন তথ্যমন্ত্রী বলেন, আগের সময়ে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনের পরিবর্তে অতিরিক্ত আমদানি নির্ভরতা তৈরি হওয়ায় আজকের সংকটের জন্ম হয়েছে। বিদ্যুতের দাম সমন্বয়ের পরও আগামী অর্থবছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের সুরক্ষায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী ৬৫ শতাংশ আবাসিক গ্রাহকের জন্য আগের মূল্যহার বহাল রাখা হয়েছে।
