ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল ব্রাজিল দল। বাঁ-পায়ের উরুর পেশির গুরুতর ইনজুরির কারণে সেলেসাওদের চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। স্বপ্নভঙ্গের এই কঠিন সময়ে ব্রাজিলের এই রাইট-ব্যাকের পাশে দাঁড়িয়েছেন দলের বর্তমান ও সাবেক সতীর্থরা।
সোশ্যাল মিডিয়ায় দলের সাবেক ২ নম্বর জার্সিধারীকে সান্ত্বনা দিয়ে নেইমার জুনিয়র লিখেছেন, "শক্ত থাকো, দ্রুত সুস্থ হয়ে ওঠো।" অন্যদিকে, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র সতীর্থের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, "অনেক শক্তি কামনা করি, আমার ভাই। এবার আমরা তোমার জন্য মাঠে লড়ব।"
এছাড়াও লুকাস পাকেতা লিখেছেন, "আমরা সবসময় একসাথে আছি।" আর দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো (যিনি ওয়েসলির জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন) সংক্ষেপে লিখেছেন, "তোমাকে ভালোবাসি।"
বিশ্বকাপের মতো মঞ্চের ঠিক আগে ছিটকে যাওয়ার হতাশা লুকাতে পারেননি ওয়েসলি। তবে এটিকে নিজের শেষ মনে করছেন না তিনি। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'সব যুদ্ধ মাঠে জেতা যায় না। আজ চোটের কারণে একটি স্বপ্নকে এখানেই থামিয়ে দিতে হচ্ছে। এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা চালিয়ে যেতে না পারাটা সত্যিই অনেক কষ্টের। তবে যারা আমার অতীত জানেন, তারা ভালো করেই বোঝেন যে হাল ছেড়ে দেওয়া আমার অভিধানে নেই।'
অনেক দূর থেকে সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, "মাথায় চোট লেগে পড়ে যাওয়াটা পথেরই অংশ। তবে প্রতিবার দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়ানোটাই আমার আসল শক্তি। ঈশ্বর আমাদের পাশে আছেন। এটি কোনো স্বপ্নের শেষ নয়, বরং আমার গল্পের নতুন একটি অধ্যায় মাত্র।"
ওয়েসলির বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ইতালিয়ান ক্লাব আতালান্তার মিডফিল্ডার এদেরসন।
জয় আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির