বাংলাদেশে চালু হলো ফিলিপাইনের ই-ভিসা ব্যবস্থা

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:১২ পিএম

বাংলাদেশে ফিলিপাইনের ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করা হয়েছে। ফিলিপাইনের ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে, সোমবার (৮ জুন) থেকে এ সেবা কার্যকর হয়েছে।

এ ব্যবস্থার আওতায় যোগ্য বাংলাদেশি নাগরিকরা ফিলিপাইনে স্বল্পমেয়াদি সফরের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে সরকারি ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে। ভিসা ফি ফিলিপাইন দূতাবাসে পরিশোধ করতে হবে।
 
অনুমোদিত ই-ভিসা আবেদনকারীরা তাদের ভিসা অনলাইনে (কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসের মাধ্যমে) সংগ্রহ করতে পারবেন। এটি ডিজিটাল বা প্রিন্ট আকারে ব্যবহার করা যাবে এবং পাসপোর্টে আলাদা স্টিকার লাগবে না।

ই-ভিসাধারীদের ফিলিপাইনে প্রবেশের আগে অনলাইন ই-ট্রাভেল ফর্ম পূরণ করতে হবে, যা ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে।

দূতাবাস আরও জানিয়েছে, ই-ভিসা অন্য কোনো ভিসায় রূপান্তরযোগ্য নয় এবং এর মেয়াদ বাড়ানো যাবে না। যারা পড়াশোনা, চাকরি বা দীর্ঘমেয়াদি উদ্দেশ্যে ফিলিপাইনে যেতে চান, তাদের নিয়মিত ভিসা স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত