হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৮ জনের

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত মোট ৯৭টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে ৪৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৮টি ফ্লাইটে ফিরেছেন ১৫ হাজার ৭২২ জন, সৌদি এয়ারলাইনসের ৪০টি ফ্লাইটে ১৬ হাজার ১০৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন হাজি।

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন হাজি দেশে ফিরেছেন।

এ বছর হজে গিয়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ১৭ লাখ মুসল্লি হজ পালন করেছেন, যার মধ্যে বাংলাদেশি ছিলেন ৭৮ হাজারের বেশি। গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত