হজ-পরবর্তী জীবনের রূপরেখা

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

হজের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হয়, যখন একজন হাজি হজ শেষে তার জীবনে সেই শিক্ষার প্রতিফলন ঘটাতে পারেন। হজ হলো পরবর্তী জীবনের জন্য একটি নতুন রূপরেখা। তাই হজ-পরবর্তী জীবন কেমন হওয়া উচিত, তা প্রত্যেক হাজির জন্য জানা ও অনুসরণ করা জরুরি। 

তাকওয়াভিত্তিক জীবন গঠন : হজের অন্যতম শিক্ষা হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাথেয় গ্রহণ করো, আর সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।’ (সুরা বাকারা ১৯৭)

হজ থেকে ফিরে একজন মুসলমানের প্রথম কাজ হওয়া উচিত আল্লাহভীরু জীবন গঠন করা। সে যেন সর্বদা চিন্তা করে, আল্লাহ আমাকে দেখছেন এবং আমার সব কাজের হিসাব দিতে হবে। এই অনুভূতি তাকে গুনাহ থেকে দূরে রাখবে এবং নেক আমলের প্রতি উৎসাহিত করবে।

আমলের প্রতি যত্নবান হওয়া : অনেক মানুষ হজের সময় অত্যন্ত যত্নের সঙ্গে নামাজ, তেলাওয়াত ও জিকিরে মশগুল থাকেন। কিন্তু দেশে ফিরে আগের মতো অবহেলায় ফিরে যান। এটি হজের চেতনার পরিপন্থী। একজন হাজির উচিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, রমজার রোজা পালন করা, জাকাত প্রদান করা এবং ইসলামের অন্যান্য বিধান মেনে চলা।

গুনাহ থেকে স্থায়ী তওবা : হজ মানুষের অতীত গুনাহ মোচনের একটি মহান মাধ্যম। তাই হজের পর আবার পূর্বের পাপাচারে ফিরে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিথ্যা, গিবত, সুদ, ঘুষ, প্রতারণা, অশ্লীলতা ও অন্যায়ের মতো কাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে।

চরিত্র ও আচার-আচরণে পরিবর্তন : হজ মানুষের চরিত্রকে উন্নত করার শিক্ষা দেয়। হজে ধৈর্য, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মসংযমের অনুশীলন হয়। তাই হজের পর একজন হাজির কথাবার্তা, আচরণ ও ব্যবহারে নম্রতা ও সৌজন্য প্রকাশ পাওয়া উচিত। একজন হাজি যেন রাগ, অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখেন এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেন।

কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা : হজে গিয়ে মুসলমানরা কোরআনের নির্দেশনার বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করেন। তাই হজের পর প্রতিদিন কোরআন তেলাওয়াত, অর্থ বোঝা এবং তা অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করা জরুরি।

মসজিদমুখী জীবন গঠন : হজে লাখো মুসলমান একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করেন। এই অভ্যাস দেশে ফিরে অব্যাহত রাখা উচিত। একজন হাজির জন্য মসজিদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজসেবায় আত্মনিয়োগ : হজ মানুষকে মানবতার শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের একত্রিত হওয়া উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। তাই হজের পর একজন হাজির উচিত সমাজের কল্যাণে কাজ করা, অসহায়দের সাহায্য করা, দ্বীনি শিক্ষা প্রচার করা এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা।

অহংকার থেকে দূরে থাকা : অনেক সময় দেখা যায়, কেউ হজ করার পর নিজের মর্যাদা নিয়ে অহংকারে আক্রান্ত হন। অথচ হজের শিক্ষা হলো বিনয় ও আত্মসমর্পণ। ইহরামের সাদা কাপড় মানুষকে মৃত্যুর কাফনের কথা স্মরণ করিয়ে দেয় এবং জানিয়ে দেয়, আল্লাহর কাছে সবাই সমান।

আমলের ধারাবাহিকতা বজায় রাখা : হজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেক আমলের ধারাবাহিকতা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।’ (সহিহ বুখারি)

হজের প্রকৃত শিক্ষা : হজ একজন মুসলমানের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এটি আত্মশুদ্ধি, গুনাহমুক্তি এবং আল্লাহর পথে ফিরে আসার এক মহাসুযোগ। একজন হাজির প্রকৃত পরিচয় তার হজ পরবর্তী জীবনেই প্রকাশ পায়। যদি তার জীবনে তাকওয়া, ইবাদত, উত্তম চরিত্র, মানবসেবা ও আল্লাহর আনুগত্য বৃদ্ধি পায়, তবে বুঝতে হবে তার হজ কবুল হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে।

অতএব, হজ থেকে ফিরে প্রত্যেক মুসলমানের উচিত নতুন উদ্যমে ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই পথেই অবিচল থাকার চেষ্টা করা। তাহলেই হজের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে এবং আখেরাতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে।

লেখক : মুহাদ্দিস ও শিক্ষাসচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর,  গাজীপুর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত