ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৯

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:৪১ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেন, নিহতদের সংখ্যা এখনও সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১২৯ জন।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে (জিএমটি ২৩:৩৭) ফিলিপাইনের প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিনদানাওয়ের জেনারেল সান্তোস সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করলেও পরে বেশিরভাগ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত