মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া কোস্টগার্ড ভবনের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহের শরীরের বেশ কিছু অংশ পচে গেছে। শারীরিক গঠন ও অবয়ব দেখে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর হতে পারে।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।