চণ্ডীগড়ে আফগান বধের দিনে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন সুতার

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

লাল বলের ক্রিকেট বা ক্রিকেটের অভিজাত সংস্করণে এমন কীর্তি যেন প্রতিটি বোলারের আজন্ম লালিত স্বপ্ন; তবে সেই স্বপ্ন যদি সত্যি হয়ে যায় ক্যারিয়ারের একদম প্রথম ম্যাচেই, তবে তা রূপ নেয় এক মহাকাব্যিক রূপকথায়! ঠিক তেমনই এক অবিশ্বাস্য ও রাজকীয় কীর্তি গড়ে ভারতীয় ক্রিকেটে নিজের আগমন বার্তা দিলেন তরুণ বাঁহাতি স্পিনার মানাভ সুতার। নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্রেফ ৩৩ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় স্পিন ইতিহাসের ৪৭ বছরের এক পুরোনো রেকর্ড নিজের নামে লিখে নিয়েছেন সুতার।

টেস্ট অভিষেকে এর আগে ভারতীয় বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল  দিলিপ দোশির। ১৯৭৯ সালে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানে ৬ উইকেট তুলেছিলেন তিনি। তবে রান বিবেচনায় ৪৭ বছর পর এখন এই তালিকার শীর্ষে সুতার। 

রবিবার (৭ জুন) টেস্টের দ্বিতীয় দিনেই ৩ উইকেট নিয়ে আফগানদের চাপে ফেলেছিলেন সুতার। পরে আজ সোমবার তৃতীয় দিনের প্রথম প্রহরে তুলে নেন আরও ৩ উইকেট এবং বনে যান অনন্য কীর্তির। সুতারের স্পিন ঘূর্ণিতে ১৫২ রানেই থামে আফগানদের প্রথম ইনিংস। 

এদিকে আগে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৪ রানের বিশাল সংগ্রহ করা ভারত আবারও ব্যাটিংয়ে পাঠায় আফগানদের। সেখানে আরও একবার নাস্তানাবুদ হাশমতউল্লাহ শহিদির দল। সেখানে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ থামে স্রেফ ১১২ রানে। তাতেই ইনিংস ও ৩০০ রানের বিশাল জয় পায় ভারত। 

সুতারের কীর্তির দিনে দল হিসেবেও রেকর্ড গড়েছে ভারত। ইনিংস ও রান ব্যবধানে এটি টেস্টের তাদের সবচেয়ে বড় জয়। এর আগে তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে। ২০১৮ সালে রাজকোটে ইনিংস ও ২৭২ রানে জিতেছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত