পটুয়াখালীর মহিপুরে বজ্রপাতে আ. মান্নান হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মম্বিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ.মান্নান হাওলাদার (৫৫) ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পরিবার জানায়, সোমবার ভোর ৫টার দিকে আ.মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সঙ্গীর সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানিয়া মাছঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ হালদার বলেন, এ বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা খোঁজখবর নিচ্ছি। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।