নির্বাচনি অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা, মোজা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছের বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৮ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ লক্ষ্যে আগামী জুলাই মাসে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুল ব্যাগ, স্কুলে যাওয়ার উপযোগী জুতা ও মোজা সরবরাহের লক্ষ্যে সরকার একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রথম ধাপ হিসেবে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ববি হাজ্জাজ জানান, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে তিন লাখাধিক শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। তবে কার্যক্রমটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে পাইলট প্রজেক্টের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রজেক্টের পুরো কাজ শেষ করার লাখ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ কর্মসূচির অংশ হিসেবে ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহে সহযোগিতা করবে। একইসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহায়তা দেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আশাবাদী, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু করতে সক্ষম হবো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার লক্ষাধিক শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।