সুশাসন ও সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ব্যাংকের পরিচালনা ও ঋণ বিতরণে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাই বর্তমান সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন ও সমন্বয়ের কাজ শেষ হওয়ার পর পুনর্গঠন কার্যক্রম আরও গতি পাবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনায় নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে গভর্নর বলেন, যুক্তরাজ্যে ইতোমধ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে এবং তা দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সভায় ইসলামী ব্যাংকসহ কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যবস্থাপনা পরিবর্তন এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন গভর্নর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত