বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজায় অংশ নেন এবং দাফন কার্যক্রম শেষে পুনরায় কারাগারে ফিরে যান।
শর্তসাপেক্ষে সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়।
সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা মো. কামরুল ইসলাম (৩০) সিংগাইর থানার মামলা নম্বর ১৭ একজন হাজতি আসামি হিসেবে মানিকগঞ্জ জেলা কারাগারে গ্রেপ্তার আছেন।
পরিবার জানায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবরে পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেওয়ার জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তির অনুমতি দেয়। সোমবার মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে নিজ গ্রামে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাবার জানাজায় অংশ নেন এবং স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।