টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল জানান, যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহন বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মনাফ শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত রিফাত উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সাগরিকা পরিবহন বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।