২১ মিনিট খেলেই মেসির গোলের রেকর্ড আর অ্যাসিস্ট

আপডেট : ১০ জুন ২০২৬, ১১:১৪ এএম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে লিওনেল মেসির লেগেছিল মাত্র কয়েক মুহূর্ত, আর সেই ফেরার প্রতিটি সেকেন্ডকে তিনি স্মরণীয় করে রাখলেন। উরুর মাংসপেশির চোট  কাটিয়ে মাঠে নেমেই প্রথম দুই টাচেই ম্যাচ আর্জেন্টিনার পকেটে পুরে দিলেন এই এলএম১০।

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ভ্যালেন্টিন বার্কো, লিওনেল মেসি এবং থিয়াগো আলমাদার গোলে বড় জয় পায় স্কালোনির দল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খেতে পারত আর্জেন্টিনা, তবে আইসল্যান্ডের মিকায়েল এলার্টসনের শট বারের ওপর দিয়ে চলে যায়। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্কালোনির দল। ম্যাচের ঠিক ৭ম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ভ্যালেন্টিন বার্কো। জাতীয় দলের জার্সিতে এটি বার্কোর প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে কোচ স্কালোনি দলে একাধিক পরিবর্তন আনলেও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। তবে ভাগ্য সহায় ছিল না তাদের। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেসের দুটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।

ম্যাচের ৬৯তম মিনিটে জুলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। মাঠে নামার সাথে সাথেই খেলার গতিপথ বদলে যায়। ৭০তম মিনিটে মেসির বাড়ানো প্রথম পাসে বল পেয়ে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেস। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৭১তম মিনিটে নিখুঁত শটে গোলরক্ষক এলিয়াস ওলাফসনকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন মেসি। এই গোলের মাধ্যমে মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬৯ বছর পুরনো এক অনন্য রেকর্ড ভেঙেছেন।

ম্যাচের শেষ মুহূর্তে (৮৬ মিনিটে) আবারও মেসির জাদু। মেসির সাথে রদ্রিগো ডি পলের দুর্দান্ত কম্বিনেশনের পর ডি পলের পাস থেকে আইসল্যান্ডের জালে শেষ পেরেকটি ঠুকে দেন থিয়াগো আলমাদা। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রায় ৮৮,০০০ দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম মেসি ও আর্জেন্টিনার জয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগামী ১৬ জুন (মঙ্গলবার) আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মূল অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত