ময়লাবাহী ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, তারা দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেল ও সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে। আবার কেউ বলছেন পাশাপাশি যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো নিশ্চিত নয়, বলেন তিনি।

চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, মাসুম বিল্লাহ নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছাত্রদল নেতা জিলানী ছিলেন তার সঙ্গে। তারা দুজন দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তারা (নিহতরা) আমার ঘনিষ্ঠ ছিলেন। আমি এই পরিবারগুলোর পাশে থাকব। সিটি করপোরেশন থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত