সাড়া ফেলেছে স্বীকৃতির নতুন গান

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

সুফি, ফোক এবং আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি বর্তমানে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘বাজে মনে বিন’ শিরোনামের একটি নতুন গান। গীতিকার, নাট্যকার এবং প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন স্বীকৃতি। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও অবন্তিকা রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। কোরিওগ্রাফি করেছেন রোহন ও বিল্লাল। 

চলচ্চিত্রে প্রায় সাড়ে পাঁচশর বেশি গান গেয়েছেন স্বীকৃতি। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তার গাওয়ার বদিউল আলম খোকন পরিচালিত এবং মুন্না খান প্রযোজিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’র আইটেম গান ‘আমায় দেখে পাশের মানুষ’মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। গানটিতে পারফর্ম করেছেন প্রিয়া অনন্যা। দর্শক ও সমালোচকদের মাঝে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে সিনেমাটির আইটেম গান। 

নাচনির্ভর গান দুটি প্রকাশ্যে আসতেই বেশ সাড়া ফেলেছে জানিয়ে স্বীকৃতি বলেন, ‘ভিউয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও দর্শক গান দুটি বেশ পছন্দ করেছেন। দুটি গান থেকেই বেশ সাড়া পাচ্ছি। সামনে নতুন আরো কয়েকটি গান আসছে।’ 

সংগীত ক্যারিয়ারে তিনি নিয়মিতই চমৎকার সব ফোক ও সেমি-ক্ল্যাসিকাল গান উপহার দিচ্ছেন। রেডিও, টেলিভিশন এবং অডিও মাধ্যমে সমানভাবে কাজ করা স্বীকৃতির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে মোমিন বিশ্বাসের সাথে দ্বৈত গান ‘শিখাইয়া পিরিতি’, ‘মায়ের সম্মান’ সিনেমায় ‘প্রাণের চেয়ে প্রিয় কিছু নাই’ এবং ‘পান জর্দা’, ‘ওমুই বা শোনো’, ‘কি মায়া লাইলি’, কাজী শুভর সঙ্গে ‘বেয়াই বেয়াইন’ ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ সংগীতানুষ্ঠান এবং বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে তিনি নিয়মিত গান পরিবেশন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত