কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:২৭ এএম

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালায় মার্কিন সেনারা। এরপর মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিকে টার্গেট করে তেহরান। খবর: আলজাজিরা

এর পাশাপাশি হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার জাহাজেও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

যে দুটি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে সেগুলো অবৈধভাবে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে জানায় ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এ ইউনিট।

ইরানের আগ্রাসনের জবাব দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানান মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা জানায়, ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিকসহ হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় হামলার তথ্য জানানো হয়েছে।

এছাড়া কারগান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে দুজন আহত হন।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করেছে উল্লেখ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত