সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দিরাই থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার দুই আসামি এবং আদালতের জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই মো. আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বিজয় তালুকদারকে (৪০) নোয়াগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেন। অপরদিকে এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তুহিন আলী ওরফে তুহিন মিয়াকে (৩০) ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর থেকে গ্রেপ্তার করেন।
এ ছাড়া বিভিন্ন আদালতের জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), ময়না মিয়া (২৫), বজলুর রহমান (৫০), কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) এবং অভিনয় দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়।