এভারেস্টের শিখরে ওড়ানো জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন নুরুননাহার নিম্নি

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয় উপলক্ষে আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পতাকা-প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালী দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযানের স্পনসর পূবালী ব্যাংক পিএলসি'র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

অনুষ্ঠানে পর্বতারোহী নুরুননাহার নিম্নি এভারেস্ট শিখরে উন্নীত জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড প্রদর্শনের মাধ্যমে তার এভারেস্ট অভিযান বর্ণনা করেন।

নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্ট শিখরটি ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) উঁচু। পর্বতারোহী নিম্নি ১১ এপ্রিল ২০২৬ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ১৪ এপ্রিল নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৭৫ কিলোমিটার হেঁটে ২২ এপ্রিল বেস ক্যাম্পে (১৭,৬০০ ফুট) পৌঁছান। উপরের ক্যাম্পগুলোতে রুট ওপেন হয়নি বলে তিনি উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অভিযানের অংশ হিসেবে ১ মে লবুজে ইস্ট (২০,০৭৫ ফুট) আরোহণ করেন। তিনি ৬ মে ভয়ংকর খুম্বু আইসফল অতিক্রম করে ক্যাম্প-১ (১৯,৬০০ ফুট) ৩৭ মে ক্যাম্প-২ (২১,০০০ ফুট) পৌঁছান এবং ৯ মে আবার বেস ক্যাম্পে নেমে আসেন। নিম্নি, ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেস ক্যাম্প ছাড়েন এবং ক্যাম্প-১ ও ২ অতিক্রম করে ২১ মে ক্যাম্প-৩ (২৩,৯৫০ ফুট) পৌঁছান। ২২ মে ক্যাম্প ৪-এর উদ্দেশে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ক্যাম্প ২-এ নেমে আসতে বাধ্য হন।

২৫ মে ক্যাম্প-২ থেকে আবার চূড়ান্ত আরোহণ শুরু করে ক্যাম্প-৩ এবং ২৬ মে ক্যাম্প-৪ (২৫.৯০০ফুট) পৌঁছান। সেদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় নুরুননাহার নিম্নি গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপাকে সাথে নিয়ে চূড়ার উদ্দেশ্যে আরোহণ শুরু করেন এবং বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে ২৭ মে নেপাল সময় ভোর ৫ টা ২৪ মিনিটে এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।

তিনি জানান, এভারেস্ট শীর্ষে আরোহণের অভিযাত্রার আগে তিনি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। নুরুননাহার নিম্নির এভারেস্ট অভিযানটির পরিকল্পনায় ছিল পর্বতারোহীদের সংগঠন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং অভিযানটি স্পন্সর করেছে পূবালী ব্যাংক পিএলসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত