ইউক্রেনে তিন বছরের সর্বোচ্চ রক্তক্ষয়: জাতিসংঘ

আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:২৭ এএম

ইউক্রেনে চলতি বছরের মে মাসে বেসামরিক হতাহতের সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে অন্তত ২৭৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৭৬৩ জন আহত হয়েছেন।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মাসে বেসামরিক হতাহতের এ সংখ্যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। ২০২৫ সালের মে মাসের তুলনায় নিহত ও আহতের সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বেড়েছে। ওই সময় ১৯১ জন নিহত এবং ৮৬৫ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মোট হতাহতের প্রায় ৪৫ শতাংশের ঘটনা ঘটেছে। এসব হামলার বেশিরভাগই রাজধানী কিয়েভ ও দনিপ্রোর মতো যুদ্ধের সম্মুখসার থেকে দূরের শহরগুলোতে হয়েছে।

অন্যদিকে, যুদ্ধের সামনের সারির কাছাকাছি এলাকায় স্বল্প-পাল্লার ড্রোন হামলা বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। মে মাসে শুধু ড্রোন হামলায় ৬৪ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১৬ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অধিকৃত এলাকাগুলোতে প্রবেশাধিকার না থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ফলে জাতিসংঘের পরিসংখ্যানে সব ভুক্তভোগীর তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত