জামায়াতের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, ফরিদ উদ্দিন ২০০১ সালে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে তার জন্ম। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রসংঘের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেন ফরিদ উদ্দিন চৌধুরী।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর তিনি। সিলেট নগরসহ কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত