প্রধানমন্ত্রীর মন খারাপ, বিরোধী দল কেন সমালোচনা করে: নাহিদ

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর মন খারাপ-বিরোধী দল কেন সমালোচনা করে, এমন প্রশ্ন ওঠে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে। কিন্তু আপনি দুর্নীতি ও লুটপাটের রাস্তা বন্ধ করেননি।

তিনি বলেন, জনগণের উন্নয়নের জন্য বাজেটে কতটা অর্থ বরাদ্দ করা হয়েছে তা স্পষ্ট নয়, বরং দলীয় ব্যয়ের সুযোগ তৈরি করা হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্ন পূরণে সরকার ব্যর্থ হবে। এমন একটি বাজেট দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে দেশকে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হবে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি এখনও অস্থিতিশীল।

তিনি বলেন, এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের পরিবর্তন করতে হলে গণভোটের গণরায় অনুযায়ী সরকার গঠন করতে হবে এবং পুলিশসহ রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধর করা হয়েছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড চলতে থাকলে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়।

তিনি বলেন, সরকারকে এমপি-মন্ত্রীসহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং জনগণের রাজনীতিতে ফিরতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত