বিশ্বজুড়ে নির্বাচনে ইসরায়েলি হস্তক্ষেপের অভিযোগ

আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:৫০ এএম

ফ্রান্সের স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তদন্তাধীন ইসরায়েলি প্রতিষ্ঠান ‘ব্ল্যাককোর’-এর বিরুদ্ধে এবার নিউইয়র্ক ও স্কটল্যান্ডের নির্বাচনেও প্রভাব বিস্তারের সন্দেহ উঠেছে। ফরাসি কর্তৃপক্ষের তদন্তে এমন তথ্য সামনে এসেছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ডিজিটাল হস্তক্ষেপ ও ভুয়া তথ্য মোকাবিলায় কাজ করা সংস্থা ‘ভিজিনামের’ প্রধান মার্ক-অঁতোয়ান ব্রিয়াঁ বলেন, তাদের তদন্তে দেখা গেছে ব্ল্যাককোরের কার্যক্রম শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল না।

তার দাবি, ইসরায়েলি প্রতিষ্ঠানটি অ্যাঙ্গোলা, টোগো, স্কটল্যান্ডের নির্বাচন এবং ২০২৫ সালের নিউইয়র্ক মেয়র নির্বাচনসহ বিভিন্ন দেশে বিদেশি ডিজিটাল হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

তবে এসব কার্যক্রমের পেছনে কারা অর্থায়ন করেছে, তা এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ব্রিয়াঁ।

ফরাসি প্রধানমন্ত্রী লেকর্নু বলেন, ব্ল্যাককোরের কর্মকাণ্ড এবং তাদের পেছনে কারা রয়েছে তা জানতে ইসরায়েলি কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে ফ্রান্স। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বিদেশি ডিজিটাল হস্তক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন এবং আগামী জুলাইয়ে নিউ ক্যালেডোনিয়ায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনও এ ধরনের হস্তক্ষেপের ঝুঁকিতে রয়েছে। এ কারণে সরকার বিষয়টি নিয়ে স্বচ্ছতার পথ বেছে নিয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেছে।

এছাড়া নির্বাচনী প্রক্রিয়াকে অনলাইন প্রভাব ও ভুয়া তথ্য প্রচার থেকে সুরক্ষিত রাখতে রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সম্প্রতি ফ্রান্সে ইসরায়েলের সম্ভাব্য নির্বাচনী হস্তক্ষেপের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনপন্থী অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু করা বামপন্থী দল ‘লা ফ্রঁস ইনসুমিজ’ (এলএফআই)-এর মেয়র প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল ব্ল্যাককোর।

এ অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্ল্যাককোরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে ফরাসি সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত