নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন মঞ্জুর

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী কাজী আহসান হাবিব।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে এ মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। 

গত ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত তার জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে আবেদন করেন।

গত বছরের ৬ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের নামে এ মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থার সেই সময়ের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
 
তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রকল্পের আওতায় শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় চার কোটি টাকার অনিয়ম ও আত্মসাৎ।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আবদুস সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।
 
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অধ্যাপক এ কে এম নূর-উন-নবী উপাচার্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত