বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সাড়ে ১৭ বছর একটা কঠিন অবস্থার মধ্যে ছিলাম। জাতি সাময়িকভাবে সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছে। তবে কাক্সিক্ষত মুক্তিটা আসেনি। ১৭ বছর পর একটি অর্থবহ নির্বাচন জাতি আশা করেছিল; নির্বাচন সুন্দর হয়েছে কিন্তু ফলাফলটা সুন্দর হয়নি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি।’ গতকাল রবিবার রাতে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বেনজীরকে আটক ইন্টারপোলের কৃতিত্ব। তবে বেনজীর আটক হওয়া বাংলাদেশের একটা অর্জন। সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করব না।
সরকারি দল ইতিমধ্যে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে।