বুড়িগঙ্গায় জাবি শিক্ষার্থীর মরদেহ

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল রবিবার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।

প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করার সূত্র পান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আন্নী আক্তার। তিনি জানান, তার ফুফাতো ভাই বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখেন। পরে মরদেহের কাছে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র দেখতে পেয়ে সেটির ছবি তুলে তাকে পাঠান। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি পরিচয়পত্রের ছবিসহ তথ্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি ফেসবুক গ্রুপে শেয়ার করেন।

জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম জানান, দ্বীপ মজুমদার তার সহপাঠী ছিলেন। পারিবারিক একটি বিষয় নিয়ে অভিমান করে দুই দিন আগে বাসা থেকে বের হয়ে যান দ্বীপ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরদিন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। পরিচয় নিশ্চিতে সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বলেন, বুড়িগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত