লুকাকু ইফেক্টে সালহর জন্মদিনের উৎসব জমলো না

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৪ এএম

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ 'জি'-এর হাইভোল্টেজ ম্যাচে এক রুদ্ধশ্বাস লড়াই দেখল ফুটবল ভক্তরা। যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে তীব্র তাপদাহ আর ঠাসা গ্যালারির সামনে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও মিশর। ম্যাচের শুরুতেই গোল করে বেলজিয়ামকে স্তব্ধ করে দিয়েছিল মিশরীয়রা। তবে শেষ পর্যন্ত বদলি নামা রোমেলু লুকাকুর তাৎক্ষণিক প্রভাবে আত্মঘাতী গোলের কল্যাণে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

উত্তর আমেরিকার তীব্র গ্রীষ্মের কারণে ফিফার নতুন নিয়ম অনুযায়ী দুটি 'কুলিং ব্রেক' নিতে হয়েছিল এই ম্যাচে। মাঠে তখন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে সেই গরমকে উপেক্ষা করেই ৬৬,৭৭৫ জন দর্শকের উপস্থিতিতে দুই লাল-সাদা দলের লড়াই জমে উঠেছিল দারুণভাবে।

সোমবার (১৫ জুন) ছিল মিশরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহর ৩৪তম জন্মদিন। নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে শুরু থেকেই চনমনে ছিলেন সালাহ। ম্যাচের ১৯ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই লিড নেয় মিশর।

বেলজিয়াম রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে ডানপ্রান্ত থেকে বল বাড়িয়ে দেন সালাহ। বল পান আল-আহলি মিডফিল্ডার ইমাম আশুর। বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়রের পায়ের নিচ দিয়ে এবং বিশ্বসেরা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়ান আশুর। দেশের হয়ে ৩০তম ম্যাচে এসে এটিই তার প্রথম আন্তর্জাতিক গোল। এই গোলের পর সিয়াটেল স্টেডিয়ামের গ্যালারি যেন আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছিল।

এক গোল খাওয়ার পর বেলজিয়াম আক্রমণের ধার বাড়ালেও মিশরের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না। মিশরের ডিফেন্ডাররা বেলজিয়ামের গতিময় উইঙ্গার জেরেমি ডকু-কে কড়া মার্কিংয়ে রেখেছিল। অন্যদিকে লিয়েন্দ্রো ট্রোসার্ডও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বারবার ভুল করছিলেন।

প্রথমার্ধের শেষদিকে কেভিন ডি ব্রুইনার একটি দূরপাল্লার শট সতীর্থ স্ট্রাইকার চার্লস ডি কেটেলিয়ারের পেছনে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি বেলজিয়ামের। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর।'

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডি ব্রুইনার ২১ গজ দূর থেকে নেওয়া এক চমৎকার ফ্রি-কিক সাইড পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় রেড ডেভিলসরা। কাউন্টার অ্যাটাক থেকে মিশরও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল, কিন্তু কোর্তোয়ার সেভের পর ফিরতি বলে শট লক্ষ্যে রাখতে পারেননি প্রথম গোলের নায়ক আশুর।

ম্যাচের ডেডলক ভাঙতে ৬৬ মিনিটে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া মাঠে নামান দলের প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকু-কে। কোচের এই চাল টেক্কা দিয়ে যায় মুহূর্তেই। মাঠে নামার ঠিক পরেই থমাস মুনিয়রের একটি ক্রস লুফে নিতে মিশরের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে স্লাইড করেন লুকাকু। বল তার পায়ে না লাগলেও, তাকে বাধা দিতে গিয়ে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির বুটে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায় (১-১)।

ম্যাচের শেষ ১৫ মিনিটে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দুর্দান্ত এক সেভে লুকাকু গোলবঞ্চিত হন। অন্যদিকে মিশরের আহমেদ ফাতুহর একটি দূরপাল্লার লব দারুণ দক্ষতায় গোলপোস্টের ওপর দিয়ে পার করে দেন বেলজিয়ামের কোর্তোয়া। ৭৫ মিনিটে সালাহকে তুলে নেন মিশর কোচ। আসরের শুরুর দিকে খেলোয়াড়দের চোট থেকে বাঁচাতে শেষ মুহূর্তে ডি ব্রুইনা ও ডকু-কেও তুলে নেন বেলজিয়াম বস রুডি গার্সিয়া।

ম্যাচটি ১-১ ড্র হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে। ফেভারিট বেলজিয়ামের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিতে পারাটা মিশরের জন্য নকআউট পর্বে যাওয়ার স্বপ্নকে অনেকখানি বাড়িয়ে দিল। 'জি' গ্রুপ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিতে দুই দলকেই এখন গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত