মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ঢল নেমেছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় প্রধানমন্ত্রী সেখানে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের অনেক আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেক প্রদান করবেন। অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে অংশ নিতে আসা চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি দেওয়া হয়েছে। বাগানের যানবাহনে করেই তারা সমাবেশস্থলে এসেছেন।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই দলে দলে মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ বর্ণিল পোশাকে অনুষ্ঠানে যোগ দেন। মাঠের এক পাশে উপকারভোগীদের বসার ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন এ আশায় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চা শ্রমিক পূর্ণিমা রেলি জাদব বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এসেছি। তিনি চায়ের দেশে এসেছেন, তাই একনজর দেখতে এলাম। আমাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবিও আমরা তার কাছে জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাঠজুড়ে মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে।