পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নতুন নির্মিত একটি সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয়রা জানায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেফটি ট্যাংকির ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু অসুস্থ হয়ে ভেতরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে নামেন আশরাফ মোল্লা। একপর্যায়ে তিনিও ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ট্যাংকির অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে তখন তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের ধারণা, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।