ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় উৎসবমুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত মঙ্গলবার রাতে ফ্রান্সের ম্যাচের পর ১৭ জুন বুধবার ভোরে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তুমুল উচ্ছ্বাস। বিশেষ করে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় বাড়তি উন্মাদনা।
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচটি ঘিরে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জড়ো হন ফুটবলপ্রেমীরা। হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। মেসির প্রতিটি গোলের পরই করতালি, উল্লাসধ্বনি আর বিজয়োল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। হ্যাটট্রিক পূর্ণ করার মুহূর্তে সমর্থকদের আনন্দ যেন বাঁধভাঙা রূপ নেয়।
এদিকে টিএসসির পায়রা চত্বরেও ছিল উপচেপড়া ভিড়। তিল ধারণের জায়গা ছিল না সেখানে। মেসি ও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস, সেøাগান এবং আনন্দমিছিল পুরো এলাকা সরগরম করে তোলে। ম্যাচজুড়ে ‘ভ্যামোস্নআর্জেন্টিনা’, ‘মেসি! মেসি!’ ধ্বনিতে মুখরিত ছিল।
বিশ্বকাপ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। টিএসসি, মুহসীন হল মাঠ, শহীদুল্লাহ হল মাঠ, জগন্নাথ হল মাঠ এবং হলপাড়া এলাকায় শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করছেন। এতে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে এক অনন্য মিলনমেলার পরিবেশ।
ম্যাচে আর্জেন্টিনার দাপুটে পারফরম্যান্সে সমর্থকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গোলের পর শিক্ষার্থীরা লাফিয়ে উঠে উল্লাস প্রকাশ করেন, কেউ কেউ জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দমিছিলে অংশ নেন। খেলা শেষে ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে বিজয় মিছিল ও আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় সমর্থকদের। আর্জেন্টিনার সমর্থক ঢাবি শিক্ষার্থী হাসান তারিক বলেন, ‘আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি দল নয়, এটি আবেগের নাম। মেসি ভালোবাসার নাম। ২০২২ সালে মেসির হাতে বিশ্বকাপ ওঠার স্মৃতি এখনো ভোলার নয়। আজকের হ্যাটট্রিক আমাদের সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি, এবারও মেসির হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’
আরেক শিক্ষার্থী তামিম বলেন, ‘২০২২ সালের বিশ্বকাপের সময় ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ দেখেছিলাম, এবারও সেই আবহ ফিরে এসেছে। মেসির খেলা দেখার জন্য ভোরে উঠে বন্ধুদের সঙ্গে বড় পর্দার সামনে বসেছি। তার হ্যাটট্রিক দেখে দারুণ লাগছে। আমরা এবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি।’